8 ok theme: বিনোদন
Headlines News :
Powered by Blogger.

Latest Post

Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

টিভি রিপোর্টারের ভূমিকায় পরীমনি

Written By Jibon Islam on Saturday, August 6, 2016 | 12:58 PM

এবার একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমনি।
 ছবির নাম ‘পাষাণ’। সৈকত নাসির পরিচালিত এ ছবিতে পরীমনির বিপরীতে কাজ করবেন ওপার বাংলার নায়ক ওম। ইতিমধ্যে সিলেটে এ ছবির কাজ শুরু হয়েছে। ছবিটি নিয়ে পরীমনি বলেন, এখন কক্সবাজারে ‘রক্ত’ ছবির কাজ করছি। আরো কয়েকদিন এখানে থাকতে হবে। এরপর ‘পাষাণ’ ছবির কাজে অংশ নেবো। ‘পাষাণ’ ছবিটি প্রযোজনা করছে ভিজ্যুলাইজার এবং সার্বিক তত্ত্বাবধানে থাকছে জাজ মাল্টিমিডিয়া। আশা করছি ছবিটি সবার পছন্দ হবে। এ ছবিটি নিয়ে সৈকত নাসির বলেন, পরীমনিকে এ ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে। টিভি রিপোর্টারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। বর্তমানে তিনি ‘রক্ত’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কারণ, ছবিটি এবারের কুরবানি ঈদে মুক্তি পাবে। তবে আমাদের ছবিতে ২০ আগস্টের পরে পরীমনি অংশ নেবেন। এ ছবিতে তাকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা থাকবে আমার। এ ছবিতে আরো অভিনয় করবেন বিপাশা কবির, সাব্বির সিদ্দিকী প্রমুখ। উল্লেখ্য, পরীমনি ‘রক্ত’ ছবিতে নবাগত নায়ক রোশানের বিপরীতে অভিনয় করছেন। সম্প্রতি এ ছবির টিজার প্রকাশ করা হয়েছে। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এরই মধ্যে এ ছবির বেশিরভাগ কাজ শেষ হয়েছে। এ ছবির বাইরে পরীমনি অভিনীত আরো কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হলো ওয়াকিল আহমেদের ‘কত স্বপ্ন কত আশা’, শাহ আলম মণ্ডলের ‘আপন মানুষ’। এ ছবিগুলোতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।

এবার বন্ধ হলো বিশ্বের সবথেকে বড় টরেন্ট সার্চ ইঞ্জিন!

কয়েকে দিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল বিশ্বের বৃহত্তর টরেন্ট ডাউনলোড সাইট কিকঅ্যাস (KickAss Torrents)। বিশ্বজুড়ে এই ঘটনায় আলোড়ন উঠেছিল। এটা নিয়ে তীব্র সমালোচনাও হয়েছিল অনেক। তবুও, মেনে নিতে হয়েছিল অবশেষে। অনেকটাই রোখা সম্ভব হয়েছিল পাইরেটেড ভিডিও ডাউনলোড। আর এবার সেই তালিকায় সকলকে চমকে দিয়ে বন্ধ হয়ে গেল torrentz.eu সার্চ ইঞ্জিনটি। বিশ্বের সবথেকে বড় টরেন্ট সার্চ ইঞ্জিন Torrentz। এর মাধ্যমে প্রতিদিন কয়েক লাখ ভিডিও, সিনেমা, গেইমস, গানের অ্যালবাম ডাউনলোড করা হতো। তবে, গতকাল সকালে হঠাৎ করেই ওই সার্চ ও ডাউনলোড ইঞ্জিনটি একটি ম্যাসেজ দিয়ে জানিয়ে দেয় তারা তাদের পরিষেবা বন্ধ করে দিচ্ছে চিরতরে। আর এর ফলেই Torrentz-এর ব্যবহারকারীদের মাথায় হাত পড়েছে। হতবাক হয়েছেন অনেক ব্যবহারকারী। এটা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ব্যবহারকারীদের তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। প্রসঙ্গত, সম্প্রতি বক্স অফিসে মুক্তি পাওয়ার আগেই তা টরেন্টে লিক হয়ে যাওয়ার পরই শুরু হয় এই সার্চ ইঞ্জিনগুলির বিরুদ্ধে ব্যাপক ভাবে অভিযান। এরপরই বন্ধ হয়ে যায় কিকঅ্যাস। আর এরই ধারাবাহিকতায় এবার অনেকটা অলৌকিকভাবেই বন্ধ হলো বিশ্বের সবথেকে বড় টরেন্ট সার্চ ইঞ্জিন Torrentz!

পূর্ণিমাকে নিয়ে ধারাবাহিক ‘ক্যান্ডি ক্র্যাশ’

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমাকে চলচ্চিত্রে এখন আর নিয়মিত কাজ করতে দেখা যায় না। সংসার নিয়েই তার ব্যস্ততা বেড়েছে। তবুও ঈদ কিংবা বিশেষ দিবসের দু-চারটি টিভি নাটকে মাঝেমধ্যে দেখা যায় এই অভিনেত্রীকে। তবে পূর্ণিমা ভক্তরা এবার তাকে একটু বেশি সময়ের জন্য পাবেন টেলিভিশনের পর্দায়। নতুন একটি ধারাবাহিক নাটকে কাজ শুরু করেছেন তিনি। নাম ‘ক্যান্ডি ক্র্যাশ’। পরিচালনা করছেন রেদওয়ান রনি। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, এরইমধ্যে এ ধারাবাহিকের কাজ শুরু হয়েছে। আমি দুদিন মাত্র শুটিং করেছি। ভালোই কাজ হচ্ছে। আশা করি, নতুন এ ধারাবাহিকটি সবার ভালো লাগবে। ‘ক্যান্ডি ক্র্যাশ’ ধারাবাহিকে আরও অভিনয় করছেন তৌসিফ মাহবুব, সুমন পাটওয়ারী, সাফা কবির, সাবিলা নূর ও সালমান মুক্তাদির। ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী। পরিচালক বললেন, পূর্ণিমাকে নিয়ে অনেক দিন ধরেই কাজ করার ইচ্ছা ছিল। তাছাড়া এই চরিত্রের সঙ্গে পূর্ণিমা মানানসই। নতুন এ ধারাবাহিকটি নির্মাণ করছি নাগরিক টিভির জন্য। মাঝে কয়েকদিন শুটিং বিরতি থাকলেও ১১ আগস্ট থেকে এর কাজ টানা চলবে। এর আগেও কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন পূর্ণিমা। এর মধ্যে আছে জাহিদ হাসানের ‘লাল নীল বেগুনি’, মোস্তফা কামাল রাজের ‘ইডিয়ট’। উল্লেখ্য, এদিকে ইফতেখার আহমেদ ফাহমীর ‘টু বি কন্টিনিউড’ নামে একটি ছবিতে কাজ করেন পূর্ণিমা। তার বিপরীতে অভিনয় করেছেন তাহসান। ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিটির ডাবিং সম্প্রতি শেষ হয়েছে। এ ছবির মাধ্যমে শিগগিরই বড় পর্দায় আবারও দেখা যাবে পূর্ণিমাকে।

এই সময়ে চিত্রনায়িকা পপি

জনপ্রিয় চিত্রনায়িকা পপির কাছে সাম্প্রতিক সময়ে তেমন ভালো কাজের প্রস্তাব না আসার কারণেই অনেকটা অভিমান নিয়ে আড়ালে রয়েছেন। পপি বলেন, আমি চলচ্চিত্রের মানুষ। দীর্ঘদিন ধরে মাধ্যমটিতে কাজ করছি। এখন একটু এখান থেকে দূরে আছি। সময় হলেই আবার নিয়মিত কাজ করব। আমি কোথাও হারিয়ে যাইনি। এই সময়ের প্রযোজক যারা চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব দিচ্ছেন তাদের বেশিরভাগকেই আমি চিনি না। অর্থাৎ পেশাদার প্রযোজক এখন নেই বললেই চলে। এমনকি আমার মনে প্রশ্ন জাগে, কারা এখন চলচ্চিত্রে প্রযোজনা করছেন। অবশ্যই সময়ের ধারায় অনেক কিছুর পরিবর্তন হবে। তবে সেই পরিবর্তনটা ভালো কিছুর জন্যই হওয়ার প্রত্যাশা করেন এই অভিনেত্রী। বড়পর্দায় অনেকদিন ধরে পপির উপস্থিতি নেই। অবশ্য শিগগিরই তার অভিনীত একটি ছবি সেন্সরে জমা পড়বে। ছবির নাম ‘সোনাবন্ধু’। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে মাহবুবা শাহরীনের ‘হতাই’ উপন্যাস অবলম্বনে এ ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানালেন তিনি। এ ছবিতে তার সহশিল্পী হিসেবে কাজ করছেন ডিএ তায়েব ও পরীমনি। তপন বসাকের প্রযোজনা ও শুভ টেলিফিল্মসের ব্যানারে নির্মিত ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন জাহাঙ্গীর আলম সুমন। ছবিটি নিয়ে পপি বলেন, এই ছবির কাজটা শেষ পর্যায়ে রয়েছে। আর অল্প কিছু কাজ হলেই এটি সেন্সরে জমা পড়বে। এদিকে বড় পর্দার পাশাপাশি গত কয়েক বছর ধরে ছোট পর্দার নাটক-টেলিফিল্ম এবং বিজ্ঞাপনেও কাজ করছেন পপি। সবশেষ একটি বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। মুহাম্মাদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় নির্মিত এ বিজ্ঞাপনটি বর্তমানে বিভিন্ন টিভিতে প্রচার হচ্ছে। গত ঈদে ছোটপর্দার দর্শকের জন্য বিটিভির একটি অনুষ্ঠানে কাজ করেছিলেন পপি। অনুষ্ঠানের নাম ‘তারকাকথন’। নিমা রহমানের উপস্থাপনায় এটি প্রযোজনা করেছেন শরৎ কুমার সরকার। পপি অভিনীত বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হলো ‘পৌষ মাসের পিরিতি’, ‘শর্টকাটে বড়লোক’, ‘লীলামন্থন’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’ ও ‘জীবন যন্ত্রণা’। এসব ছবি নিয়ে পপি বলেন, প্রতিটি ছবির কাজ শেষ। কোনো না কোনো কারণে ভালো এই ছবিগুলো অনেকদিন ধরেই মুক্তি পাচ্ছে না। আর্টিস্টের কাজ ঠিকমত চরিত্রের রূপায়ন করা বা যথাযথ অভিনয় করা। কেনো এই ছবিগুলো মুক্তি পাচ্ছে না এসব বিষয়ে পরিচালক বা প্রযোজকরা ভালো বলতে পারবেন। তবে আমি নিশ্চিত, এই ছবিগুলো দর্শকরা দেখলে অবশ্যই তাদের ভালো লাগবে। নতুন এক পপিকে আবিস্কার করবেন তারা।

দুই বাংলায় জয়া আহসান

সময়ের আলোচিত জয়া আহসান দুই বাংলার অভিনয় জগতের অন্যতম নাম। টিভি নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু হলেও বর্তমানে চলচ্চিত্রেই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। বড় পর্দায় শুরুতে খুব একটা আলোচনায় না থাকলেও ‘গেরিলা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক সাড়া জাগান জয়া। শুধু তাই নয়, প্রশংসা পাওয়ার পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধভিত্তিক ছবিটিতে অভিনয় করে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। দেশীয় চলচ্চিত্র অঙ্গনে সুবাস ছড়ানোর সঙ্গে সঙ্গে কলকাতাও অভিনয়ের সুযোগ পান। সেখানেও নিজের যোগ্যতার কথা জানান দেন জয়া। এরই মধ্যে কলকাতার বেশ কিছু ছবিতে অভিনয় করে আলোচনার শীর্ষে উঠে এসেছেন। কিছুদিন আগেই দেশে ফিরেছেন জনপ্রিয় এ অভিনেত্রী। পূর্ণদৈর্ঘ্যের পাশাপাশি চলতি বছর ‘ভালোবাসার শহর- সিটি অব লাভ’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্রে অভিনয় করেছেন। এটিই তার প্রথম স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্র। এ প্রসঙ্গে জয়া বলেন, ভালোবাসার শহর মূলত সাধারণ মানুষের জীবনের মানবিক গল্পের ছবি। আমি মনে করি এ দেশের প্রত্যেক মানুষেরই দেখা উচিত এই ছবিটি। কারণ আমাদের জীবনেরই গল্প ফুটে উঠেছে এতে। আমি ব্যক্তিগতভাবে ভালোবাসার শহরে কাজ করে তৃপ্ত। এরই মধ্যে আকরাম খান পরিচালিত অনুদানের চলচ্চিত্র ‘খাঁচা’র কাজ শেষ করেছেন জয়া। পাশাপাশি কলকাতায় মনোজ মিশিগানের নির্দেশনায় ‘আমি জয় চ্যাটার্জি’ ছবির কাজে হাত দিয়েছেন তিনি। এতে জয়ার বিপরীতে অভিনয় করবেন আবীর চ্যাটার্জি। কলকাতায় তার অভিনীত আরো মুক্তির অপেক্ষায় আছে অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ চলচ্চিত্রটি। ১২ আগস্ট ছবিটি মুক্তি পাবে। এ প্রসঙ্গে জয়া বলেন, এ ছবিটির গল্প একটু অন্যরকম। দর্শকের জন্য বিশেষ চমক রয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। এখন পর্যন্ত দু-দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন জয়া। নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ (২০১১) এবং রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ (২০১২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এ প্রসঙ্গে জয়া বলেন, সত্যি বলতে কী ভীষণ ভালো লেগেছিল। ভাষায় প্রকাশ করতে পারব না। আমি আমার কাজের প্রতি ভালোলাগা ভালোবাসার প্রাপ্য সম্মান পেয়েছি। আমি তাতেই সন্তুষ্ট। টিভি পর্দায় ক্যারিয়ার শুরু হলেও এ মুহূর্তে চলচ্চিত্রের ব্যস্ততার কারণে সে জায়গাটি থেকে বিরতি নিয়েছেন জয়া। তবে সে টিভি অঙ্গনের প্রতি যে ভালোবাসা আর শ্রদ্ধা সেটা কখনোই হারাননি। এ বিষয়ে জয়া, ছোট পর্দায়ই কিন্তু আমাকে আজকের জয়া আহসান হিসেবে তৈরি করেছে। সে কারণে ছোট পর্দার নিয়মিত যারা দর্শক তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আপাতত আমি ছোট পর্দায় বিরতি নিয়েছি চলচ্চিত্রে অভিনয়ের কারণেই। কয়েক বছর ধরে আমি ছোট পর্দার কাজ করছি না। সবচেয়ে বড় কথা হলো চলচ্চিত্রে কাজ করতে হলে সময়টা একটু বেশিই দিতে হয়। সবমিলিয়ে এ মুহূর্তে টিভি পর্দায় কোনো কাজ করা হচ্ছে না। ২০১০ সালে ‘ডুব সাঁতার’, ‘ফিরে এসো বেহুলা’ ২০১১ সালে ‘গেরিলা’, ‘চোরাবালি’, ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ এবং সর্বশেষ ২০১৬ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ ছবিতে অভিনয় করে নায়িকা হিসেবে আলোচনায় ছিলেন জয়া।
 
Support : Website | JIBON |
Copyright © 2011. 8 ok theme - All Rights Reserved
Created by MD.JIBON ISLAM Creating Website
Proudly powered by JIBON